জাকসু নির্বাচন ‘ত্রুটিপূর্ণ’, তবে ফলাফল মেনে নেবে বাগছাস

আরটিভি নিউজ

শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ , ০৬:৩৭ এএম


জাকসু নির্বাচন ‘ত্রুটিপূর্ণ’, তবে ফলাফল মেনে নেবে বাগছাস
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনকে ‘ত্রুটিপূর্ণ’ বলে জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস), তবে গণতান্ত্রিক চর্চা ও শিক্ষক-শিক্ষার্থীর ক্ষমতার ভারসাম্য রক্ষার স্বার্থে ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাগছাস নেতারা। 

লিখিত বক্তব্য পাঠ করেন বাগছাস সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেলের ভিপি প্রার্থী ও বাগছাস জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জল। 

বিজ্ঞাপন

পরে জিএস প্রার্থী আবু তৌহিদ মো. সিয়াম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়াটাই ইতিবাচক। সাত-আট হাজার শিক্ষার্থী প্রতিকূল পরিস্থিতিতেও ভোট দিয়েছেন, আমরা তাদের সাধুবাদ জানাই। তাই এই নির্বাচনকে আমরা বর্জন করছি না। তবে এটি যে ত্রুটিপূর্ণ, সেটি আমরা স্পষ্টভাবে বলছি। 

তিনি আরও বলেন, ৩২ বছর পর জাকসু ফিরে পাওয়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা। নির্বাচনের ত্রুটি থাকা সত্ত্বেও এটি শিক্ষক-শিক্ষার্থীর ক্ষমতার ভারসাম্য রক্ষায় অপরিহার্য। যদি আমরা নির্বাচন বর্জন করি এবং এটি বানচাল হয়, প্রশাসন হয়তো আবারও দীর্ঘ সময় নির্বাচন স্থগিত রাখবে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশকে হুমকির মুখে ফেলবে।

বিজ্ঞাপন

বাগছাসের লিখিত বক্তব্যে আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, শুরু থেকেই নির্বাচন কমিশনের প্রস্তুতির ঘাটতি ছিল। মনোনয়ন জমাদানের সময় বাড়ানো, প্রার্থিতা বাতিল, ব্যালট পেপার ছাপানো নিয়ে বিভ্রান্তি, ডোপ টেস্টের ফলাফল প্রকাশ না হওয়া—এসব বিষয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। ভোটের আগের রাতে ছাত্রদলের সাবেক নেতাদের নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিতি, পুলিশ পাহারা ছাড়া ব্যালট বাক্স পরিবহন এবং পোলিং এজেন্ট নিয়োগে অব্যবস্থাপনা শিক্ষার্থীদের আস্থায় আঘাত করেছে। 

ভোটের দিন অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, বিভিন্ন হলে অমোচনীয় কালি ব্যবহার করা হয়নি বা সহজেই মুছে গেছে, অনেক ব্যালটে ছবি ছিল না, পরিচয় যাচাই ছাড়াই ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে এবং কিছু হলে প্রার্থী ও সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ছাত্রশিবির ও ছাত্রদল- সমর্থিত প্যানেল আচরণবিধি লঙ্ঘন করেছে দাবি করে উজ্জ্বল বলেন, ছাত্রশিবির ও ছাত্রদল–সমর্থিত প্যানেল ভোটকেন্দ্রে লিফলেট বিতরণ, টোকেন সরবরাহ, লাইন জ্যামিংসহ আচরণবিধি লঙ্ঘন করেছে। এছাড়া নির্বাচনের আগের রাতে তাদের বিরুদ্ধে গুজব ও প্রপাগান্ডা ছড়ানো হয়, যা নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টা ছিল।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission